,

উত্তরা মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২, গুরুতর আহত বহু

অনলাইন ডেস্ক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় ৯ বছর বয়সী শিশু নাফি। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি মরদেহ সিএমএইচের মর্গে রাখা হয়েছে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে তার নিজ জেলা রাজশাহীতে দাফন করা হয়েছে।

আইএসপিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে:

  • জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪৬ জন
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন
  • কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল: ৮ জন
  • সিএমএইচ: ২৮ জন
  • লুবনা জেনারেল হাসপাতাল: ১৩ জন
  • উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: ১ জন
  • ইউনাইটেড হাসপাতাল: ২ জন
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে দুইজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এইচডিইউতে থাকা অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এছাড়া আরও ৩০ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ