প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ অভিযান শুরু হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ রয়েছে। অনেক জায়গায় কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বা নামমাত্র কাজ দেখিয়ে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অভিযোগের পেছনে মূলত সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জড়িত।
যে সব এলজিইডি কার্যালয়ে এই অভিযান চলছে, তার মধ্যে রয়েছে:
ঢাকার আগারগাঁওয়ের এলজিইডি ভবন, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, বরিশাল, গোপালগঞ্জ, যশোর, খুলনা, কুমিল্লা, গাজীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, শরীয়তপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, নওগাঁ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, পিরোজপুর, রাজশাহী, গাইবান্ধা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, পঞ্চগড়, জামালপুর ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
এই অভিযানগুলোতে কাজের মান, ব্যয়ের স্বচ্ছতা এবং অর্থ আত্মসাতের প্রমাণ সংগ্রহে মনোযোগ দিচ্ছে দুদক।








