নিজস্ব প্রতিবেদক:
অভিজ্ঞ ও দক্ষ কারা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) পদে পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীর কবির বর্তমানে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও একই পদে দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৩ সালে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে কারা সদর দপ্তরে এআইজি (উন্নয়ন) পদেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বর মাসে ডিআইজি প্রিজন্স পদে পদোন্নতি পান এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি হন।
দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীর কবিরের এই নতুন পদোন্নতি তাকে কারা প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে।








