শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষণ ব্যবস্থা: বাণিজ্য উপদেষ্টা

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এতিম ও মাদ্রাসার হকের চামড়া যেন যথাযথ মূল্য পায়, সেজন্য সরকার ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে এবং প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করে তা প্রচারের ব্যবস্থাও নেওয়া হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির প্রস্তুতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, এবার চামড়ার দাম গত বছরের তুলনায় বাড়বে এবং দাম নির্ধারণে কমিটি ২২ মে আবারও বৈঠকে বসবে।

পূর্ববর্তী বছরগুলোতে একসঙ্গে চামড়া বাজারে আসায় দাম পড়ে যেত এবং পচে যাওয়ার ভয়ে অনেককেই কম দামে বিক্রি করতে হতো। এবার সেই পরিস্থিতি এড়াতে চামড়া সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে।

এছাড়া নির্ধারিত হাটের বাইরে পশু বিক্রি বন্ধ, হাসিল কমিয়ে ৫ শতাংশে আনার চেষ্টা, এবং চাহিদা-সরবরাহের ভারসাম্য নিয়েও আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পশু পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি থাকবে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা এবং ওষুধ প্রয়োগ করে কৃত্রিমভাবে হৃষ্টপুষ্ট করার মতো অনিয়ম রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০ মে গঠিত এই ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারি-বেসরকারি প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি রয়েছেন। কমিটির আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা এবং সদস্য সচিব বাণিজ্য সচিব।

কমিটির দায়িত্বে রয়েছে—চামড়া সংগ্রহ, সংরক্ষণ, মূল্য নির্ধারণ, লবণ সরবরাহ নিশ্চিতকরণ, পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা। বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্তির সুযোগও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ