(ছবি: সংগৃহীত)
নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। পুরো প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮.৫৩ মিলিয়ন ডলার।
বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।
এর আগে, গত ১৮ জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করে।
ইসির কর্মকর্তাদের মতে, এই চুক্তির আওতায় কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং ব্যবস্থাপনার মানোন্নয়নে অর্থ ব্যয় করা হবে। একই সঙ্গে ভোটার ও নাগরিক সচেতনতায় জোর দেওয়া, নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “জাপানের এই সহায়তা নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পক্ষে। এই সহযোগিতা গণতান্ত্রিক অগ্রগতিকে উৎসাহ দেবে।”
ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ। এই সহায়তা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “জাপান আজ ৪.৮ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। আমরা আশা করি এই অর্থ নির্বাচন কমিশন সুচারুভাবে কাজে লাগাবে। ইউএনডিপির সহায়তা চলমান রয়েছে এবং এটি আরও বিস্তৃত হবে।”








