নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, “আমরা আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।”
ইসি সচিব আরও বলেন, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন। এসব কেন্দ্রকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে; প্রয়োজনে পরবর্তীতে সংখ্যা সামঞ্জস্য করা হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় কিছুটা বেশি। তবে এবার মোট ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।
গত নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, আর এবার সেটি নেমে এসেছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টিতে। অর্থাৎ, ভোটকেন্দ্র বেড়েছে হলেও ভোটকক্ষের সংখ্যা কমেছে প্রায় ১৭ হাজারের মতো।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই প্রতিটি ভোটকেন্দ্রের বিস্তারিত তালিকা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।








