নিজস্ব প্রতিবেদক:
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে প্রথম ডকুমেন্টারি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি জানান, “বাবার কাঁধে ছেলের লাশ… যে বহন করেছে সেই জানে”—এই কথা বলেছিলেন শহীদ মিরাজ হোসেনের বাবা। তাঁর এই মর্মস্পর্শী উক্তির মধ্য দিয়েই ফুটে ওঠে জুলাই মাসের ভয়াল অভিজ্ঞতা। ওই মাসে এমন হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন শত শত বাবা, যাঁদের সন্তানরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির সংগ্রামে এভাবে নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করেছেন শেখ হাসিনা।” তিনি জানান, ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে বেশ কয়েকটি ডকুমেন্টারি নির্মাণ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই ডকুমেন্টারিগুলোতে উঠে আসবে সেই সময়কার নির্মম বাস্তবতা ও বেদনাবিধুর অভিজ্ঞতা।
প্রকাশিত প্রথম ডকুমেন্টারিটিতে রয়েছে এমনই কিছু হৃদয়স্পর্শী বর্ণনা, যা দর্শকদের মনে নাড়া দেবে।
‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে প্রকাশিত এই ডকুমেন্টারির মাধ্যমে ইতিহাসের ভয়াল একটি অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায় সরকার। ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব ডকুমেন্টারি সচেতনতা তৈরির পাশাপাশি একটি ঐতিহাসিক দায় পালন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।








