পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানো এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে—কে এই তরুণী? ঘোষণাপত্র পাঠের আগমুহূর্তে বক্তব্যও রেখেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই তরুণী হলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শাবন্তী। গত ১৯ জুলাই শহীদ হয়েছিলেন সৈকত।
সূচনা বক্তব্যে সাবরিনা আফরোজ শাবন্তী বলেন, “এক বছর আগে ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পায়, তখন দেখা যায় তার মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল ‘গানশট’। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা গর্ব করতেন। অথচ সেই উচ্চতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি এবং আমার পরিবার যখন দেখি, আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাল। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষচ্যুত না হই।”
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের একটি ঐতিহাসিক দলিল। বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার এটি চূড়ান্ত করেছে।








