অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রেডিও পাকিস্তান জানিয়েছে, রবিবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা হয়।
এসময় যুবসমাজের পারস্পরিক সংযোগ বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় উঠে আসে। এছাড়া তারা অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি তিনি ঢাকায় নিজের ব্যস্ত কর্মসূচি ও সফরের মূল সাফল্য সম্পর্কে অবহিত করেন। সফরকালে চমৎকার ব্যবস্থাপনা ও উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তিনি।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসহাক দারের এই দুই দিনের সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, ১৩ বছরের মধ্যে এটাই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।








