রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা / তারেক রহমান–বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ

অনলাইন ডেস্ক

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আজ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেবেন। রায় ঘোষণার জন্য বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

এর আগে, গত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ হয়। তখনই আদালত রায় ঘোষণার জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

আসামিপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস উপস্থিত ছিলেন।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। পরে চলতি বছরের ১৯ মার্চ ওই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের খালাসের আদেশ আপিল বিভাগেও বহাল থাকবে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। পরে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। তবে হাইকোর্টে আপিলে সবাই খালাস পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ