পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জননন্দিত কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা, প্রখ্যাত লেখক রকিব হাসান মারা গেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করতেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।”
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখানেই তিনি স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে লেখালেখিকেই জীবনের একমাত্র পথ হিসেবে বেছে নেন।
সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে সাহিত্যজগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন।
তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো ‘তিন গোয়েন্দা’ সিরিজ। বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের অবিচ্ছেদ্য সঙ্গী এই সিরিজ, যা তাকে এনে দিয়েছে অনন্য জনপ্রিয়তা ও চিরস্থায়ী ভালোবাসা।








