নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন এলাকায় ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৫ মিটার, যা বিপৎসীমার ওপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীর গতিতে বাড়ছে।
তবে ভারতের উজানে পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানির স্তর কিছুটা কমেছে। দোমোহনীতে সকাল ৯টায় পানি ছিল ৮৫ দশমিক ৫৯ মিটার, রাত ৮টায় তা কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৫২ মিটারে—১১ ঘণ্টায় কমেছে ৭ সেন্টিমিটার। একই সময়ে গজলডোবা ব্যারাজে পানি কমেছে ৫ সেন্টিমিটার।
উজানে পানি কমলেও পূর্বাভাস বলছে, রাত ১২টা পর্যন্ত তিস্তায় পানি কিছুটা বাড়তে পারে, এরপর তা স্থিতিশীল হতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদীর পানি পুনরায় বাড়িয়ে নতুন বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”








