অনলাইন ডেস্ক:
দুর্নীতির বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সেটি যদি আমাদের নিজেদের কমিউনিটির কারও ক্ষেত্রেও হয়, তবুও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশ ফ্যাসিবাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে আইনজীবীদের ভূমিকা ছিল অনবদ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইনজীবীরা দিন-রাত পরিশ্রম করেছেন, মানবাধিকারের পক্ষে সংগ্রাম করেছেন এবং অবহেলিতদের পাশে দাঁড়িয়েছেন।
বেনেভোলেন্ট ফান্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর সরকারি রাজস্ব খাত থেকে বিচার বিভাগের জন্য বরাদ্দ হয় মাত্র পাঁচশ কোটি টাকা। এত কম বরাদ্দের কারণে বিচারক ও আইনজীবী উভয়েই নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই বিচার বিভাগের জন্য বাজেট বাড়াতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
সভায় বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কিছু আইনজীবীর কারণে পুরো আইনজীবী সমাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্প্রতি আইনজীবীদের নিয়ে দুটি ঘটনা ঘটেছে। একটি পটুয়াখালীতে—যেখানে একজন জজ অভিযোগ করেছেন যে পিপি তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। অন্য ঘটনায় একজন আইনজীবীর বাসায় দুই গৃহকর্মী শিশুকে নির্যাতন করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বার কাউন্সিল এখন থেকে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারসহ অন্যান্যেরা।








