অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্পের চিন্তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে বলেও তিনি সতর্ক করেছেন।
রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি যে নির্বাচন সময়সূচি ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করেন, তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।”
বৈঠকে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজও উপস্থিত ছিলেন এবং জুলাই সনদের অগ্রগতি তুলে ধরেন বলে জানিয়েছেন প্রেস সচিব।









