পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ও পতিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যথায়, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের যে সুযোগ সামনে এসেছে, তা হাতছাড়া হয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “পরাজিত শক্তি সুযোগ পেলেই গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। যখনই আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। তবে কোনো ষড়যন্ত্রই গণতান্ত্রিক ধারা থামাতে পারবে না, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন স্পষ্ট।”
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনূস। জবাবে, উপস্থিত নেতারা তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।








