বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। এতে একদিকে যেমন পর্যটন ও যাত্রী চলাচল বাড়বে, অন্যদিকে সড়ক ও রেলপথের ওপর চাপ কমবে এবং অর্থনীতি সচল হবে।
এই প্রকল্পের আওতায় প্রথমেই চালু করা হচ্ছে বগুড়া বিমানবন্দর। পাশাপাশি লালমনিরহাট ও মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাই করতে কারিগরি দল সরেজমিন পরিদর্শন করেছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, অবকাঠামোগত প্রস্তুতি যার আগে শেষ হবে, সেটি আগে চালু হবে। বর্তমানে ৭টি বিমানবন্দর—বগুড়া, লালমনিরহাট, শমসেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা ও তেজগাঁও—পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
জানা গেছে, বগুড়া বিমানবন্দর চালু করার প্রস্তুতি চলছে এবং চলতি বছরের জুলাই মাসে তা সচল হতে পারে। তবে বাণিজ্যিকভাবে ফ্লাইট চালু হতে আরও ১ থেকে দেড় বছর লাগতে পারে।
লালমনিরহাট বিমানবন্দর প্রসঙ্গে বলা হয়েছে, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এবং ঐতিহাসিক বিমানবন্দর। ১৯৩১ সালে নির্মিত এ বিমানবন্দরের ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামান্য সংস্কারেই এটি ব্যবহারের উপযোগী করা সম্ভব বলে জেলা প্রশাসকের চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
শমসেরনগর বিমানবন্দরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। বর্তমানে বিমান বাহিনী সেখানে প্রশিক্ষণ কার্যক্রম চালালেও বড় অংশ অব্যবহৃত পড়ে আছে। এটি চালু হলে সিলেট অঞ্চলের বিমানচাপ কমবে এবং প্রবাসী ও পর্যটকদের যোগাযোগ সহজ হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, লালমনিরহাট বিমানবন্দর চালুর ক্ষেত্রে ভারতের আপত্তি থাকলেও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ লাভবান হবে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে বাংলাদেশ, চীন, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগ বাড়বে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক হাবে পরিণত হবে।








