ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে একাত্তরে সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ৪.৫২ বিলিয়ন ডলারের পাওনা অর্থ ফেরত দেওয়া ও আটকে থাকা পাকিস্তানিদের ফিরিয়ে নিতে ইসলামাবাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, পাকিস্তান তাদের দেনা পরিশোধে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একইসঙ্গে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।
বৈঠকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পরিবহনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ দ্রুত অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের তাগিদ দেয় যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানান, দুই দেশের মধ্যে স্থবির সম্পর্ক অগ্রসর করতে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ইসলামাবাদ। নিয়মিত সংলাপ ও যোগাযোগ চালু থাকলে সম্পর্ক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ এবং রোহিঙ্গা সংকটে রাজনৈতিক ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।








