নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ ও শারমিন আহমদ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান।
এই সাক্ষাৎ এমন সময় অনুষ্ঠিত হলো, যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দলটি ক্ষমতাচ্যুত হয়েছে, সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
সোহেল তাজ ছিলেন নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তিনি মেয়াদ পূর্ণ করার আগেই পদত্যাগ করেন। এরপর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে।
শারমিন আহমদ একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক ও গবেষক। তিনি তার লেখায় বারবার আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ এবং ‘৩ নভেম্বর: জেল হত্যার পূর্বাপর’। ২০২৪ সালের শেষদিকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
এদিকে, বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোহেল তাজ এক স্ট্যাটাসে দাবি করেন, “গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার হীন প্রচেষ্টা ছিল। আমি অবাক হবো না যদি এর নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”
তবে তার এ বক্তব্যের বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।








