রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রয়োজনে দগ্ধ শিশুদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে: সাখাওয়াত হোসেন

(ফাইল ছবি)

অনলাইন ডেস্ক:

বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের মধ্যে যাদের জন্য প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুরে পাঠিয়ে চিকিৎসা করানো হবে বলে জানিয়েছেন শ্রম ও নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে। আগামীকাল সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় আসছে। তারা দগ্ধদের শারীরিক অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন—কারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য উপযুক্ত। যাদের সেখানকার চিকিৎসা প্রয়োজন হবে, তাদের পাঠানো হবে; বাকিদের চিকিৎসা দেশে চলবে।”

বিমান দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “একটি প্রশিক্ষণ বিমান নানা কারণে বিধ্বস্ত হতে পারে। এর পেছনে পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি বা অন্য প্রযুক্তিগত জটিলতা দায়ী হতে পারে। যদিও আমাদের ব্যবহৃত বিমানের বেশিরভাগই পুরোনো, তথাপি এগুলোর অভ্যন্তরীণ প্রযুক্তি ও যন্ত্রাংশ নিয়মিত হালনাগাদ করা হয়। তবে ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়—পাইলটের ভুল না টেকনিক্যাল ফেইলিওর, কোনটি দায়ী।”

তিনি আরও জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কারও কারও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হলে তা নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফটি-৭ বিজিআই মডেল) বিধ্বস্ত হয়। বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থল ও পরবর্তীতে হাসপাতালে একাধিক শিক্ষার্থী দগ্ধ হয় এবং প্রাণহানি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ