বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এ সম্ভাবনার কথা সামনে আসে।
বৈঠকে ড. আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটমুক্ত প্রক্রিয়া এবং স্বল্প ব্যয়ে শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান এবং নতুন শ্রমিক পাঠানো সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওং-এর সঙ্গে আলাপকালে মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই নিরাপদ, সম্মানজনক ও ন্যায্য কর্মসংস্থানের পরিবেশ তৈরিতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী স্টিভেন সিম জানান, মালয়েশিয়ার ‘মাদানি’ কাঠামোর তিনটি মূলনীতি—ইহসান (মানবিকতা), কেডিলান (ন্যায়বিচার) এবং কেসেহাতান (সুরক্ষা)—এর সঙ্গে সঙ্গতি রেখে বিদেশি কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা, কল্যাণ ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আরও বাড়ানো হবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকটি দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈশ্বিক শ্রমবাজারে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকারকে দৃঢ় করে এবং টেকসই উন্নয়ন ও সকলের কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে।








