কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান সম্প্রতি কানাডার সেক্রেটারি অব স্টেট (আন্তর্জাতিক উন্নয়ন) রণদীপ সারাইয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন।
অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সহায়তা, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদারত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক উদ্যোগ সম্পর্কে সারাইকে অবহিত করেন। জবাবে রণদীপ সারাই সরকারের এসব পদক্ষেপকে স্বাগত জানান এবং স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে কানাডার সমর্থনের আশ্বাস দেন।
বৈঠকে দুই পক্ষ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসা-বাণিজ্য (বিটুবি) সংক্রান্ত বিষয়েও গভীর আলোচনা করেন। হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের সম্ভাবনাকে বাংলাদেশের অর্থনৈতিক সেতুবন্ধন নির্মাণে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক ও বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।








