শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে স্টারলিংক সেবা আনুষ্ঠানিকভাবে চালু হলো

অনলাইন ডেস্ক:

দুর্গম পাহাড়, চরাঞ্চল কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকায় ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ এখন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের প্রতিনিধি দলও অংশ নেয়। নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। এটি দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রায় তিন মাস পরীক্ষামূলক সম্প্রচারের পর স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে ১০ বছরের জন্য ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ পেয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকদের স্টারলিংক সেবা নিতে প্রাথমিকভাবে ৪২ হাজার টাকা মূল্যের একটি সেটআপ কিট কিনতে হবে, যেখানে থাকবে স্যাটেলাইট রিসিভার ডিস, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ।

সেবাটি দুটি প্যাকেজে পাওয়া যাবে:

  • স্টারলিংক রেসিডেন্সিয়াল: মাসিক ৬ হাজার টাকায় সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট
  • স্টারলিংক লাইট: মাসিক ৪ হাজার ২০০ টাকায় অপেক্ষাকৃত সাশ্রয়ী ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ

উপস্থিত কর্মকর্তারা জানান, এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেকটি বড় পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ