,

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত অঞ্চল গাজা

ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের ফলে কয়েক মাস ধরেই গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট চলছে। বিশেষ করে শিশুদের মধ্যে অনাহার ও মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে।

দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। জাতিসংঘ গাজাকে এখন বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত ও খাদ্য-সংকটপীড়িত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে। ২৩ লাখ ফিলিস্তিনির সবাই ‘বিপর্যয়কর ক্ষুধা’র মুখোমুখি, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়।

গার্ডিয়ান ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, এক ব্যাগ আটার জন্য মানুষ যেকোনো কিছু করতে পারে।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে গাজাবাসীরা চরম অনাহারে দিন কাটাচ্ছে। জরুরি ভিত্তিতে সহায়তা প্রবেশের সুযোগ না দিলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তবে খাদ্য সহায়তা পৌঁছানোও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাত্র কয়েকটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও, এতে থাকা খাদ্যসামগ্রী চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। অধিকাংশ ফিলিস্তিনি অভিযোগ করছেন, তারা কোনো খাবার পাচ্ছেন না। কারণ ত্রাণ বিতরণের জন্য কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। এ অবস্থায় এক প্যাকেট খাবার কিংবা এক ব্যাগ আটা পাওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে উঠছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে গাজার জন্য এক মাসের খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা মজুত রয়েছে। যা প্রায় ২ লাখ মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সীমান্ত না খুললে এসব সহায়তা পৌঁছানো সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ