,

ভোটকেন্দ্র–বাক্স দখলের স্বপ্ন ভঙ্গ হবে: সিইসি

অনলাইন ডেস্ক:

ভোটকেন্দ্র ও ভোটের বাক্স দখল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “যারা ভোটকেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখলের স্বপ্ন দেখছেন—তাদের স্বপ্ন ভঙ্গ হবে।”

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিগত নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, “আমার কাছে প্রায় ৫ হাজার ৭০০ কর্মকর্তা আছেন। তাদের সবাইকে তো সরানো সম্ভব নয়। তবে যারা স্বপ্রণোদিত হয়ে অনিয়মে জড়িত ছিলেন, তাদের দায়িত্বে রাখা হবে না।”

তিনি আরও বলেন, “আমরা আগের চেয়ে বেশি সজাগ আছি। এখনকার নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। কোনো পক্ষপাতিত্ব করা হবে না। যদি অন্তর্বর্তী সরকার আমাদের হুকুমমতো কাজ করাতে চায়, তাহলে আমি এ চেয়ারে থাকব না। সেই গ্যারান্টি আমি দিতে পারি।”

ভোটকেন্দ্র দখলের বিষয়ে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, “ইতিহাস ভুলে যান। এবার কেউ কেন্দ্র বা বাক্স দখলের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।”

অবৈধ অস্ত্রধারীদের সম্পর্কেও সতর্ক করে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে, নির্বাচনের আগে তা আরও জোরদার হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে।”

সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগে শুধু দেখানোর জন্য স্ট্রাইকিং ফোর্স ছিল। এবার প্রয়োজনে সত্যিকারের স্ট্রাইক করা হবে। সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ড—সব বাহিনী সম্পৃক্ত থাকবে।”

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি। “যদি দেখি কেন্দ্রে অনিয়ম হয়েছে, তাহলে সেই আসনের ভোটই বাতিল করে দেব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে কাজ করব।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, “এবার কোনো সমস্যা হবে না। সরকারও এ বিষয়ে সজাগ আছে। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ