চলতি বছরের হজ ফ্লাইট আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্র জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। হজ ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে, প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে নির্ধারিত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ মোট তিনটি এয়ারলাইনস নির্বিঘ্ন হজযাত্রার জন্য প্রস্তুত রয়েছে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ তারিখে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন ২০২৫-এ পড়বে, পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ হবে, যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে। আরাফাতের ময়দান থেকে মসজিদে নামিরায় প্রদত্ত হজের খুতবা বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে। অনুবাদ হবে বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান ভাষায়।








