রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা, সঙ্গে রয়েছেন প্রেস সচিব

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা—আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পর এই তিনজন পরিদর্শনে আসেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে কয়েক দিন আগে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে তাদের ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুই উপদেষ্টা দ্রুত পাশের একটি ভবনে আশ্রয় নেন। প্রেস সচিব শফিকুল আলম কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান এবং তিনজনই অবরুদ্ধ অবস্থায় সেখানে রয়েছেন।

জানা গেছে, শিক্ষার্থীদের ক্ষোভের মূল কারণ—এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে সরকারের দেরি এবং নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি। তারা মনে করছেন, সরকার তথ্য গোপন করছে।

বর্তমানে উপদেষ্টা ও প্রেস সচিব ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তারা বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ইতোমধ্যে একটি মাইকও আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ