শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সোমবার (২১ জুলাই) বিকেলে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দলের সব স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন।
শোকবার্তায় বলা হয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, রক্তদান, অ্যাম্বুলেন্স সেবা ও উদ্ধারকাজে সহায়তা করতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি জাতীয় যুবশক্তি এবং দলের ডক্টরস উইংকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন নাহিদ ইসলাম।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আইএসপিআর জানায়, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।








