নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা (৩৬) নামের এক নারী। তিনি মাইলস্টোন স্কুলের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তার স্বামী মো. সেলিম জানান, মাসুমা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। বর্তমানে রাজধানীর তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন তারা।
এর আগে একইদিন সকালে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনও প্রায় অর্ধশতাধিক আহত রোগী চিকিৎসাধীন রয়েছে।








