,

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের চিকিৎসক ডা. চোং সি জ্যাক

অনলাইন ডেস্ক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাককে পাঠানো হয়েছে। এই আগমনকে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়াও, বুধবার (২৩ জুলাই) ঢাকায় আসছেন আরও তিনজন স্বাস্থ্য বিশেষজ্ঞ—সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।

এর আগে মঙ্গলবার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক (MoU) রয়েছে। সেই চুক্তির আওতায় সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে আহতদের কেস রিপোর্ট পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একজন সিনিয়র কনসালট্যান্টসহ একটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে এবং বুধবার থেকে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ