পথে প্রান্তরে ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মেটলাইফ, শেভরন এবং এক্সিলারেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন। তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জি-র বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের (ডিএফসি) ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ অন্যান্য ব্যবসায়ী নেতা।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। তখন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সুসম্পর্ক ও আস্থা গড়ে তুলতে প্রধান উপদেষ্টা এই উদ্যোগ নিয়েছেন।








