,

মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

মিটফোর্ড হাসপাতালে সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ১৭ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আইন উপদেষ্টা জানান, ইতোমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’-এর ধারা ১০ অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নিজ দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে প্রকাশ্যে হত্যা করা হয়। হামলাকারীরা তাকে ইট, রড, কংক্রিট ও পাথর দিয়ে উপুর্যুপরি আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার তথ্য প্রকাশ্যে এলে, সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে অভিযুক্ত কয়েকজনকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ