শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রকে চটাব না, পাল্টা শুল্কে আলোচনায় যাব : অর্থ উপদেষ্টা

পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আমরা দর-কষাকষি করব। তাদের চটাব না। এ নিয়ে আলোচনার জন্য ৯০ দিন সময় আছে।

এর মধ্যে বিষয়টির সমাধান না হলে আমরা আরো সময় চাইব।’বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা (নেগোশিয়েশন) চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরো সময় চাইবো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা (অ্যাংগেজমেন্ট) বাড়ানো হবে।’তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন তিন মাস সময় দিয়েছে। আমরা চাই এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারি, পাল্টা শুল্কের ফলে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরো বলেন, ‘ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, তাই ব্যবসায়ীদেরও প্রতিযোগিতামূলক হতে হবে।

করছাড় বা কর রেয়াতের দিন চলে গেছে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, ‘রেয়াতের দিন চলে গেছে। আইএমএফের চাপে আছি। রাজস্ব বাড়াতে হবে।

বাজেট নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বাস্তবায়নযোগ্য বাজেট দেব। আমরা বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি দেব না।’ তিনি বলেন, ‘আমরা ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন বৈশ্বিক সংস্থার সঙ্গে আলোচনা করছি।’

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ