,

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার কার্যকর হবে না : সিইসি

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার কার্যকর হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদানের উদ্যোগ সফল হবে না। মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এই সভায় পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান এবং আইনি চ্যালেঞ্জসহ বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি)।

সিইসি বলেন, “আমাদের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য রাজনৈতিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা ছাড়া পুরো প্রক্রিয়াটিই ব্যর্থ হতে পারে। তবুও আমরা সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে চাই।”

ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, প্রবাসীদের জন্য একটি নিরাপদ ভোটিং পদ্ধতি তৈরি করতে সম্ভাব্যতা যাচাই, আন্তর্জাতিক মান ও অভিজ্ঞতা বিশ্লেষণ, আইনি কাঠামো এবং ডিজিটাল নিরাপত্তার দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।

আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাবে:

  • ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা

  • কারিগরি সম্ভাব্যতা ও ডিজাইন

  • নিরাপত্তা ব্যবস্থা

  • আন্তর্জাতিক মান বজায় রাখা

  • আইনি ও কারিগরি চ্যালেঞ্জ এবং তার সমাধান

এর আগে, গত ৮ এপ্রিল প্রবাসী ভোট সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করেছিল ইসি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি ভোটিং পদ্ধতি (পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং) নিয়ে সুপারিশসহ পৃথক প্রতিবেদন জমা দেওয়া হয়।

এই প্রতিবেদনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, কতটা সময় লাগবে, কী কী সমস্যা আসতে পারে এবং কীভাবে তা সমাধান করা যেতে পারে—সে বিষয়েও বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ