অনলাইন ডেস্কঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা নিয়ে কথা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান ২২ আগস্ট পিএলএর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তীতে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অন্যদিকে রোববার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।









