সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে কমিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায়, যা বুধবার দিবাগত রাত থেকেই কার্যকর হবে।
নতুন দামে ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৫ টাকা থেকে কমে হয়েছে ১০৪ টাকা। অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং পেট্রলের দাম ১২২ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখে দেশে ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’ অনুসারে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হয়। মে মাসের জন্য এই স্বয়ংক্রিয় পদ্ধতিতেই তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দাম কমানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১ ফেব্রুয়ারি তেলের দাম এক টাকা বাড়ানো হয়েছিল, যা মার্চ ও এপ্রিল মাসে অপরিবর্তিত ছিল। এবার দাম কমিয়ে মে মাসে কিছুটা স্বস্তি পেলেন সাধারণ ভোক্তারা।








