স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার (৯জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে।
তিনি আরও বলেন, এবার ব্যতিক্রম হবে, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবেন। একটা রিজেনেবল অ্যামাউন্ট পাবেন। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগেই হবে ইনশাআল্লাহ।’
পার্সেন্টের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবে।’
কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে মোখলেসুর রহমান বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’








