(ফাইল ছবি)
পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর।
শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ড. ইউনূস বলেন, “সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সবার দায়িত্ব। এ মূল্যবোধ কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি উল্লেখ করেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য তিনি সর্বদা আবির্ভূত হয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল ধরে এই দেশের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।”
শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।








