সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপি মামুনের

অনলাইন ডেস্ক:

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন সে সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দি দিতে গিয়ে এ তথ্য জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য প্রদান শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন।

তিনি বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারী।” এছাড়া পুলিশে ‘গোপালগঞ্জ সিন্ডিকেট’ নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং ব্লক রেইড চালানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল।

তিনি জানান, লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন বলেও জানান মামুন।

জবানবন্দিতে তিনি আরও বলেন, র‍্যাব-১-এ ‘টিআইএফ’ নামে একটি গোপন বন্দিশালা ছিল। অন্যান্য র‍্যাব ইউনিটেও এমন বন্দিশালা ছিল। রাজনৈতিক ভিন্নমতাবলম্বী এবং সরকারের জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের এখানে ধরে আনা হতো।

মামুন আরও জানান, এসব নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কখনও এসব নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। আর ‘আয়নাঘর’-এ আটক ও ক্রসফায়ারে হত্যার মতো অভিযানগুলো পরিচালনা করতেন র‍্যাবের এডিসি (অপারেশন) এবং গোয়েন্দা বিভাগের পরিচালক।

এ বছরের ২৪ মার্চ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান তিনি।

 

এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য এবং চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, চলতি মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ