কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের ঠিক পরপরই চাকা খুলে নিচে পড়ে যায়। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও পাইলটের দক্ষতায় ৭১ যাত্রীসহ বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নকারী বিজি-৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানালে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।
দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। রানওয়ের পাশে ফায়ার সার্ভিস ও ইঞ্জিনিয়ারিং টিম standby অবস্থায় ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ফ্লাইটের চাকাটি খুলে পড়ার পরই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব প্রস্তুতির মধ্য দিয়ে সফলভাবে অবতরণ করানো হয়। যাত্রীরা নিরাপদে বিমান থেকে বের হয়ে পাইলটকে ধন্যবাদ জানান।
এদিকে, কেন এই ধরনের কারিগরি ত্রুটি ঘটলো তা তদন্তে একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের আগে প্রতিটি ফ্লাইটেই নিয়মিত কারিগরি পরীক্ষানিরীক্ষা করা হয়। এই ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জরুরি অবস্থায় বিমানের একটি চাকা দিয়েও অবতরণ সম্ভব, তবে এতে ঝুঁকি অনেক বেশি। এই অবস্থায় আজকের পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”








