১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটি কেবল একটি ছুটির দিন নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আন্দোলন সংঘটিত হয়েছিল, সেটি আজও বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রেরণাস্বরূপ।
শিকাগোর সেই আন্দোলনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে বেশ কিছু শ্রমিক নিহত হন। পরে এই ঘটনাকে ঘিরে গড়ে ওঠে এক বিশ্বব্যাপী শ্রমিক সংহতির প্ল্যাটফর্ম। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেসে ১ মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশে মে দিবসের তাৎপর্য কোনো অংশেই কম নয়। দেশের সার্বিক অর্থনীতির চালিকাশক্তি এই শ্রমিক শ্রেণি। পোশাক শিল্প, নির্মাণ খাত, কৃষি, পরিবহন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত—সব জায়গায় শ্রমিকের ঘামেই তৈরি হয় দেশের অগ্রগতির গল্প। অথচ বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকের অধিকার সুরক্ষিত নয়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ও মাতৃত্বকালীন সুবিধা, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা—এসব এখনও বহু জায়গায় কল্পনাই রয়ে গেছে।
বিশ্বব্যাপী উদযাপিত এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অসংগঠিত খাতের শ্রমিক সংখ্যা বিপুল। অনেক ক্ষেত্রেই শ্রমিকদের চাকরির কোনো লিখিত চুক্তি নেই, নেই নিরাপত্তা বা ক্ষতিপূরণ ব্যবস্থা। কারখানায় দুর্ঘটনা, সড়কে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিংবা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন—এই চিত্রগুলো যেন বছরের পর বছর পুনরাবৃত্ত হচ্ছে। অথচ প্রতিবারই আমরা স্বস্তির আশ্বাসে থেমে যাই, স্থায়ী সমাধানের কথা কেউ ভাবি না।
সরকার নানা সময় শ্রম আইন সংস্কার, মজুরি বোর্ড গঠন, ট্রেড ইউনিয়নের অনুমোদন প্রক্রিয়া সহজকরণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলে মনে করে শ্রমিকরা। তারা আরো মনে করে যে, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দূরত্ব, শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগের অভাব, আইনি জটিলতা ও দুর্নীতি—এসব কারণেই আজও শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ে দুর্বল।
একই সঙ্গে আমাদের সচেতন নাগরিকদেরও ভাবতে হবে—শ্রমিকরা কি কেবল মে দিবসেই আমাদের আলোচনার বিষয় হবেন? বছরের বাকি দিনগুলোতে আমরা কি তাঁদের কথা ভুলে যাই না? একজন গার্মেন্টস কর্মী বা রিকশাচালকের জীবন কতটা কঠিন, তা আমরা উপলব্ধি করি কি? কেউ একজন যখন আমাদের কাপড় সেলাই করে দেয়, কিংবা নির্মাণ করে আমাদের অফিস বা বাড়ি—তখন তাঁর শ্রমের ন্যায্য মজুরি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি উপলক্ষ, যেখানে আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে পারি—আমরা কি শ্রমিকদের যথার্থ মর্যাদা দিচ্ছি? আমাদের শিক্ষা, নীতি, পরিকল্পনা ও আচরণে শ্রমের প্রতি সম্মান প্রতিফলিত হচ্ছে কি? না হলে এই দিবসের তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতা আর ফুলেল শ্রদ্ধায় সীমাবদ্ধ থেকে যাবে।
সমাধান চাইলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর নীতি বাস্তবায়ন, এবং সর্বোপরি নাগরিক দায়িত্ববোধ। শ্রমিকের শ্রমকে শ্রদ্ধা জানানো মানে নিজের দেশ ও উন্নয়নকে সম্মান করা। একজন শ্রমিকের ঘাম যখন অনাদরে পড়ে থাকে, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়—তা গোটা জাতির বিবেকের ক্ষয়।
মে দিবস আমাদের মনে করিয়ে দেয়—‘শ্রমই শক্তি’, ‘শ্রমই সম্মান’। এই দর্শনকে যদি আমরা নীতিনির্ধারণ ও সামাজিক মূল্যবোধের কেন্দ্রে আনতে পারি, তাহলেই মে দিবস পালন সার্থক হবে।








