শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক 

আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার ভাগ্যবান বিজয়ী হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর এই সৌভাগ্য অর্জন করেন মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক ইলেকট্রিশিয়ান, যিনি গত ১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করছেন।

৪৩ বছর বয়সী বেলাল বিগ টিকিট র‍্যাফেলের সিরিজ ২৭৬–এর ড্রয়ে বিজয়ী হন। গত ২৪ জুন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কাউন্টার থেকে তিনি এবং তার পাঁচ বন্ধু মিলে কেনা ০৬১০৮০ নম্বর টিকিটটি তাদের এই বিরল জয় এনে দেয়।

জয়ের খবর শোনার পর আবেগে কেঁপে ওঠেন বেলাল। তিনি বলেন, “আমি এখনও কাঁপছি। বিশ্বাসই হচ্ছে না, এটা সত্যি ঘটেছে!” ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা বহুবার তাকে ফোনে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে বিগ টিকিট কর্তৃপক্ষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।

বেলাল জানান, তিনি গত ১২ বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে পাঁচ বন্ধুকে নিয়ে একটি করে টিকিট কিনে আসছেন। এবার সেই দীর্ঘ প্রচেষ্টার ফল মিলেছে। তার ভাষায়, “আজ আমার স্বপ্ন সত্যি হলো।”

পুরস্কারের অর্থ নিয়ে কী করবেন, এমন প্রশ্নে বেলাল জানান, তিনি পুরোটাই পাঁচ বন্ধুর মধ্যে ভাগ করে নেবেন। নিজের অংশ দিয়ে প্রথমেই বাংলাদেশে পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন। আর বাকি অর্থ কিভাবে ব্যয় করবেন, সে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিতে চান তিনি।

তবে এখানেই থেমে থাকতে চান না এই সৌভাগ্যবান বাংলাদেশি। তিনি বলেন, “বিগ টিকিট আমাকে স্বপ্নের চেয়েও বেশি কিছু দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই লটারি কিনে যাব।”

প্রসঙ্গত, এর আগে গত মাসে বিগ টিকিট র‍্যাফেলের ২৭৫তম সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি। একই মাসে সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হয়েছিলেন আরও এক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী, যিনি জেতেন ১ লক্ষ ৫০ হাজার দিরহাম।

বেলালের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে। দীর্ঘদিনের অধ্যবসায়, আশা ও ধৈর্যের প্রতিদান যে একদিন পাওয়া যায়—তারই জীবন্ত প্রমাণ মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ