সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এক বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম ধাপে যাচ্ছেন ৭,৯২৬ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার এক-বছর-পর-খুলছে-মালয়েশিয়ার-শ্রমবাজার-প্রথম-ধাপে-যাচ্ছেন-৭৯২৬-বাংলাদেশি-শ্রমিক.jpg

এক বছরের বিরতির পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। প্রথম ধাপে ৭,৯২৬ জন শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি পাচ্ছেন। দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৫ মে) এক ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

আসিফ নজরুল জানান, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যেসব শ্রমিক শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে পারেননি, তাদের সুযোগ দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে প্রথম ব্যাচ হিসেবে ৭,৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। খুব শিগগিরই তারা দেশটিতে কাজের জন্য রওনা হবেন।

তিনি আরও জানান, মালয়েশিয়া আগামী কয়েক মাসে ১ থেকে ১.৫ লাখ বিদেশি শ্রমিক নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তী মানবসম্পদমন্ত্রী।

রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, বাংলাদেশি সব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার প্রস্তাব মালয়েশিয়াকে জানানো হয়েছে এবং তা বিবেচনার আশ্বাসও পাওয়া গেছে।

এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর দাবি উত্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে তাত্ক্ষণিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ নিয়েও আলোচনা হয়েছে। যদিও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।

শেষে আসিফ নজরুল বলেন, সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার ও নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে আলোচনা হয়েছে এবং মালয়েশিয়া সে বিষয়ে আগ্রহ দেখিয়েছে। আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ