অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও স্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক সুযোগ-সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে মত বিনিময় করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকালে উভয় দেশই জনগণের পারস্পরিক স্বার্থে নতুন সহযোগিতার পথ অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেছে।
হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বিশেষভাবে আলোচনায় উঠে আসে—বাংলাদেশি ওষুধ কীভাবে শ্রীলংকায় রপ্তানি করা যেতে পারে এবং শ্রীলংকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা যায়।
এছাড়াও, চলতি বছরের শেষে পরবর্তী পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের শ্রীলংকার প্রস্তাবকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব।
উভয় পক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসারিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।








