কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দায়িত্ব পালনের সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। নিহত সিপাহী রিয়াদ হোসেন (৩২) জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অন্তর্ভুক্ত দাঁতভাঙ্গা বিওপির সদস্য ছিলেন।
মঙ্গলবার রাত (১৪ মে) রৌমারী উপজেলার শিমুলতলী সীমান্ত চৌকিতে নিয়মিত টহলের সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন বিজিবি সদস্য আহত হয়েছেন, যাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রিয়াদ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালনকালে সিপাহী রিয়াদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মনিবেদন বিজিবি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বিজিবি পরিবার এই শোকের সময়ে নিহত সদস্যের পরিবারের পাশে রয়েছে।








