বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে যদি কখনো অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তবে তা হবে জাতির জন্য একটি দুঃখজনক অধ্যায়। শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউজ ময়দানে বিএনপিপন্থী তিনটি সংগঠনের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, নির্বাচনমুখী সংস্কারের বিষয়ে বিএনপির দেওয়া পরামর্শ বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি নিরপেক্ষতা হারালে জনমনে সংশয় তৈরি হবে এবং ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’ এবং এনসিপির প্রতিনিধিরা রয়েছেন, যারা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। এদের অপসারণের দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, “যদি আপনি নিজেই পদক্ষেপ না নেন, তবে আপনি সম্মানের সঙ্গে সরে দাঁড়াতে পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হয়েছে। তার মতে, এ ব্যক্তি “মানবিক করিডরের” নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
অন্তর্বর্তী সরকারের সীমিত ম্যান্ডেটের কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনার কাজ একটাই— একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। জনগণের রায়কে সম্মান জানানোই আপনার দায়িত্ব।”








