ব্যুরো চীফ, বরিশাল:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে এবং ইসলামের পক্ষের ভোট। যারা ভারতের বিপক্ষে, তাদের প্রতীক হবে হাতপাখা।
রবিবার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটিই। ইসলামের পক্ষে যে প্রতীক থাকবে, আমরা সবাই মিলেই সেখানেই ভোট দেবো।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বহুবার ক্ষমতায় এলেও সেই আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। দেশের বর্তমান পরিস্থিতির জন্যও তিনি বিএনপিকে দায়ী করেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী ও আগৈলঝাড়া শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন এবং বরিশাল-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।
গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিনসহ অন্যান্য নেতারা।








