বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমলারা ও উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় : গোলাম পরওয়ার

ব্যুরো চিফ, খুলনা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জামায়াতের নেতাদের সংসদে পাঠান, আমরাও আপনাদের কথা দিচ্ছি। নির্বাচনে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন। আগামী নির্বাচনে সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে ও কোরআনের আইনের জন্য এক নিরব বিপ্লব হয়ে যাবে।”

তিনি বলেন, “আমরা সরকারকে বলছি—সচিবালয়ের উচ্চপদস্থ আমলারা ও উপদেষ্টাদের মধ্যে দু-একজনকে দেখা যায় গোপনে সম্পর্ক রেখে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন। আমরা প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ দেখতে চাই। দেশের মানুষ ও আল্লাহর রহমতে যদি সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দেয় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াত আসে, তবে আমরা শাসক হব না, সেবক হব। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধেও যুদ্ধ করা হবে।”

শনিবার (১১ অক্টোবর) সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, “নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রশাসন ও উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের ওপর চাপ সৃষ্টি করে ও প্রভাব খাটিয়ে একটি বিশেষ দলের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলিনি আমাদের কথা শুনুন, বরং বলেছি—ন্যায়, সত্য ও ইনসাফের পথে চলুন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এদিন বিকেলে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে পৃথক ছাত্র-যুব সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ