রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রার্থীদের নাম যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর প্রার্থী থাকবে, সেখানে বিএনপি সমন্বয় করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই সম্ভাব্য প্রার্থী তালিকা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। এরপর নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি শুরু করবে দলটি।























