,

কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

অনলাইন ডেস্ক:

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় নুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এর আগে সন্ধ্যার দিকে একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে রাত ৯টা পর্যন্ত ধাপে ধাপে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলতে থাকে।

সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন ও সড়কে আগুন জ্বালান। অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের মিছিল এসে তাদের ওপর হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর করেছে। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, জাতীয় পার্টির কর্মীরাই আগে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে আজ বিকেলে বিজয়নগর কার্যালয়ের সামনে সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেখানে তারা রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদ নির্মূল, আওয়ামী লীগের দোসরদের রাজনৈতিকভাবে নিষিদ্ধকরণ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টনমুখী যাত্রা করে। মিছিলটি কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ