পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। দক্ষ জাতি গঠনের বিকল্প নেই।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। বিএনপি বিশ্বাস করে, শিক্ষাই একটি জাতির উন্নয়নের ভিত্তি। এজন্য আমরা শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব ও বাজেট বরাদ্দ নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে। রাষ্ট্রকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকে নিজের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে পারে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বিএনপি ইতোমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করেছে। “এই টিম শিক্ষা কাঠামো সংস্কারে কাজ করছে এবং ইতোমধ্যে অনেক দূর অগ্রগতি হয়েছে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তরুণ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।








